তৃণমূল ছাড়লেন উপেন বিশ্বাস - The News Lion

তৃণমূল ছাড়লেন উপেন বিশ্বাস




দি নিউজ লায়ন ;  তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস।  ২০১১ সালে উপেন বিশ্বাস উত্তর ২৪ পরগণা জেলার বাগদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। এরপর তাঁকে রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৬ সালে তিনি নির্বাচনে হেরে যান। 


 গত বছরের করোনা লকডাউনের সময় থেকে দলের সঙ্গে নিজের দূরত্ব বাড়াতে শুরু করেন উপেন বিশ্বাস। সেই সময় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে সিএএ নিয়ে  নিজের অবস্থান জানিয়েছিলেন। উপেন বিশ্বাস নিজের বই ‘ধর্ম অধর্ম’তে লিখেছিলেন, পশ্চিমবঙ্গের সারদা কান্ড ভারতের অন্য যে কোনও তছরুপকে হার মানাবে। উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম সারদা কান্ড সামনে আসে। জানা যায়, উপেন বিশ্বাস যে তৃণমূল ছাড়তে চলেছেন সেকথা দলের বেশ কয়েকজন নেতাকে তিনি ইতিপূর্বেই জানিয়েছিলেন। এমনকী রাজ্যে অষ্টম দফা ভোটের আগেই তিনি যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন তাও জানিয়েছিলেন।


 প্রসঙ্গত, প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাসকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় উপেনদা বলে ডাকতেন। উপেন বিশ্বাসও এর আগে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দাদা ভাইয়ের সম্পর্ক। ২০০২ সালে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর হিসাবে অবসর গ্রহণ করেন উপেন বিশ্বাস। বিহারের ৯৫০ কোটি টাকার পশু খাদ্য কেলেঙ্কারিতে তিনিই প্রথম লালু প্রসাদ যাদবকে জেলে পাঠিয়েছিলেন। এই উপেন বিশ্বাসকেই বাংলায় সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিলো। সেই উপেন বিশ্বাসের এবারে তৃণমূল ত্যাগ যথেষ্ট তাতপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.